
হাওড়া, ৯ জুন (হি. স.) : মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া ২ ব্লকের জোয়ারগোড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। উদ্বোধনের দিন নিজেই কোদাল হাতে নেমে ন্যাচা খাল পরিষ্কারের কাজ শুরু করেন তিনি।
রাজ্যে গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তনের সূচনা। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। এবার চালু হচ্ছে নতুন প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission Grameen)। এই প্রকল্পের উদ্বোধনেই তিনি এসেছিলেন। এতে বছরে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে। জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
মন্ত্রী জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই VB-G RAM G, কেন্দ্রীয় আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে।
তাঁর অভিযোগ, “গত চার বছর দুর্নীতির কারণে এই সব কাজ বন্ধ ছিল।” তিনি আরও বলেন—দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ— সব ধরনের শ্রমিক এই প্রকল্পে কাজ পাবেন। রাস্তা তৈরি, খাল সংস্কার, শৌচাগার নির্মাণ-সহ একাধিক কাজে শ্রমিকদের ব্যবহার করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত