
কলকাতা, ৯ জুন (হি. স.) : প্রথম জয়। শাকির হাবিব গান্ধীর অর্ধ শতরানের ইনিংসের দৌলতে প্রথম জয়ের স্বাদ হাওড়ার। তৃতীয় ম্যাচে পৌঁছে অবশেষে জয়ের খাতা খুলল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। বেঙ্গল টি-২০ লিগ ক্রিকেটে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে কলকাতা রয়্যাল টাইগার্সকে ৭ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে হাওড়া।
টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হাওড়ার অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়লেও এক প্রান্ত আগলে রেখে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিয়েছে রণিত ঘোষ। ৩৭ বলে অপরাজিত - ৭১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ১৪.৪ ওভারে ৭৫ রানে সপ্তম উইকেট হারানোর পরও ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তোলে কলকাতা। হাওড়ার পক্ষে সুজিত কুমার যাদব তিনটি উইকেট পেয়েছে। একটি করে উইকেট পেয়েছে - ঋত্বিক চট্টোপাধ্যায়, কণিষ্ক শেঠ, বৈভব যাদব ও সক্ষম শর্মা।
বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় হাওড়ার সামনে ১৫ ওভারে ১২২ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য ১৩.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে পেরিয়ে যায় তারা। অধিনায়ক শাকির হাবিব গান্ধী ৩২ বলে অপরাজিত - ৫২ রানের অনবদ্য ইনিংস উপহারের সুবাদেই খেলায় জয়ী। কাজী জুনেইদ সইফি'র - ৩৪ রান এবং শশাঙ্ক সিংয়ের ১৮ বলে অপরাজিত - ৩২ রান এদিন জয়কে সহজ করে দেয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত