
কলকাতা, ৯ জুন (হি. স.):-‘দীঘা জগন্নাথ ধাম’-এর নাম পরিবর্তন করে ‘দীঘা জগন্নাথ মন্দির’ করার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেন মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত তথা ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস। মঙ্গলবার এক প্রেস বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ ও ওডিশার মানুষের আবেগ, সৌহার্দ্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন।রাধারমণ দাস বলেন, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। তিনি জানান, এখন থেকে মন্দিরটি ‘দীঘা জগন্নাথ মন্দির’ নামে পরিচিত হওয়ায় তাঁরা আনন্দিত।তিনি আরও বলেন, প্রভু জগন্নাথ সমগ্র বিশ্বের ভক্তদের আরাধ্য হলেও তাঁর চিরন্তন আবাস ওডিশায়। নাম পরিবর্তনের ফলে যদি ওডিশার মানুষের ভাবাবেগের মর্যাদা রক্ষা হয়, তবে তা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তাঁর মতে, এই সিদ্ধান্তকে বিতর্কের বিষয় হিসেবে না দেখে দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখা উচিত।রাধারমণ দাস পশ্চিমবঙ্গ ও ওডিশা—উভয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রকৃত বিজয় কোনও নামের মধ্যে নয়, বরং লক্ষ লক্ষ ভক্তের প্রভু জগন্নাথের আরও সান্নিধ্যে আসার মধ্যেই নিহিত। তিনি আশা প্রকাশ করেন, দীঘা জগন্নাথ মন্দির ভবিষ্যতে ভক্তি, আধ্যাত্মিকতা, প্রসাদ বিতরণ ও সনাতন ধর্ম প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিকশিত হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়