
দক্ষিণ ২৪ পরগনা, ৯ জুন (হি.স.): ভারত-নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে গ্রেফতার করেছিল। এরপর তাঁকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়। মঙ্গলবার ধৃত নেতাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানা গেছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতের বাইরে ও ভিতরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সকাল থেকেই ডায়মন্ড হারবার মহকুমা আদালত চত্বরে বাড়তি সতর্কতা দেখা যায় প্রশাসনের তরফে। আদালত সংলগ্ন এলাকায় তৈরি করা হয় একাধিক নিরাপত্তা বলয়। আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি ছিল লক্ষণীয়।
পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল, জাহাঙ্গির খানের বিরুদ্ধে ভোট-পরবর্তী হিংসা, এলাকায় সন্ত্রাস সৃষ্টি, মারধর এবং লুঠপাট-সহ একাধিক গুরুতর অভিযোগে ফলতা থানায় মোট ৭টি এফআইআর দায়ের হয়েছিল। আদালতের আইনি রক্ষাকবচ থাকায় পুলিশ তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারছিল না। তবে গত ২৮ মে হাই কোর্ট তাঁর সেই রক্ষাকবচ তুলে নেওয়ার পরেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে এসটিএফ ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ