
কলকাতা, নয়াদিল্লি, ৯ জুন (হি. স.) : রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা টানাপোড়েনের মাঝেই দলের বিদ্রোহী সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বিদ্রোহী শিবিরকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘সুখের পায়রা’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল-কাণ্ড প্রসঙ্গ তুলে পেশায় চিকিৎসক দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও শর্মিলা সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন।কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আর জি কর ইস্যুতে কাকলি আর শর্মিলা কবে রাস্তায় নেমেছিলেন? আমি হেঁটেছি। পারলে সিবিআইকে গিয়ে বলুন, আর জি করে কী হয়েছিল।” একইসঙ্গে অভয়ার মা রত্না দেবনাথের প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, “বেচারা অভয়া, তাকে নিয়ে আগে মা রাজনীতি করেছেন, এখন অন্যরাও করছে।”এদিন তিনি দাবি করেন, বিদ্রোহী শিবিরের অধিকাংশ নেতাই ২০১১ সালের পর দলে যোগ দিয়েছেন এবং দলের আন্দোলন-সংগ্রামের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক ছিল না। বিজেপি তাঁদের গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যে আর জি কর কাণ্ডে তথ্য গোপনের অভিযোগ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কল্যাণের মন্তব্যে ঘটনাটিকে ঘিরে পুরনো প্রশ্ন আবারও সামনে উঠে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়