
নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): তৃণমূলের বিদ্রোহীদের বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কীর্তি আজাদ। মঙ্গলবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপিকেও আক্রমণ করেন কল্যাণ। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের (বিজেপি) হাতে মুখ্যমন্ত্রী, ইডি, সিবিআই এবং অন্যান্য ক্ষমতা রয়েছে; কিন্তু আমার আছে 'মা-মাটি-মানুষ', আমার দল, আমার দলীয় কর্মী এবং পশ্চিমবঙ্গের জনগণ রয়েছে।
দলের অন্দরে বিদ্রোহ প্রসঙ্গে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ বলেন, আমাদের ২৯ জন নেতা 'মা-মাটি-মানুষ'-এর নামে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। আমি এই বিশ্বাসঘাতকদের কাছে জানতে চাই—নির্বাচনের আগে নয়, কেন নির্বাচনের পরেই আপনারা আপনাদের অসুবিধার কথা বললেন? সুখেন্দু শেখর রায়ের অন্তত পদত্যাগ করার মতো রাজনৈতিক নৈতিকতা ছিল। আপনাদেরও যদি সেই রাজনৈতিক নৈতিকতা থাকে, তবে আপনারাও পদত্যাগ করুন এবং বিজেপির টিকিটে নির্বাচনে লড়ুন।
এদিনই তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় শুভেন্দু অধিকারী সরকারের প্রশংসা করে বলেন, একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয়, নতুন সরকার তাদের ঘোষিত কর্মসূচি নিয়ে জোরকদমে এগিয়ে চলেছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে 'বিশ্বাসঘাতক' বলায় তিনি বলেন, কাকে এবং কেন তিনি বিশ্বাসঘাতক বলেছেন, তা আমি জানি না। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ