
কলকাতা, ৯ জুন (হি. স.) : আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের উদ্যোগে মঙ্গলবার ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় ব্যাপক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাকসেনা।রেল সূত্রে জানা গিয়েছে, লেভেল ক্রসিং পারাপারের সময় নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিন পূর্ব রেল স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্যরা এবং রেল আধিকারিকরা পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সঙ্গে কথা বলে নিরাপদে রেললাইন পারাপারের বিভিন্ন নিয়ম সম্পর্কে অবহিত করেন।কর্মসূচির অংশ হিসেবে লেভেল ক্রসিং সংলগ্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি একটি পথনাটিকারও আয়োজন করা হয়, যেখানে অসচেতনতার কারণে কীভাবে দুর্ঘটনা ঘটতে পারে এবং তা এড়ানোর উপায় তুলে ধরা হয়।ডিআরএম রাজীব সাকসেনা বলেন, লেভেল ক্রসিং সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে রেলের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলবে। তিনি সকলকে রেল নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়