
হাইলাকান্দি (অসম), ৯ জুন (হি.স.) : আসন্ন মহররম উদযাপন যাতে নিরাপদ, শান্তিপূর্ণ এবং সুসংহতভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার হাইলাকান্দিতে জেলাশাসকের সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হাইলাকান্দির জেলাশাসক অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী, সার্কল অফিসারগণ, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধি।
বৈঠকে বিভিন্ন মহররম ও মসজিদ কমিটির সদস্যরা পূর্ববর্তী বৈঠকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জেলা প্রশাসনকে সর্বক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য কমিটির সদস্যরা স্থানীয় স্তরে সভা করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তৃণমূল স্তরের অনুষ্ঠেয় বৈঠকগুলির মূল উদ্দেশ্য হলো নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তাঁরা কঠোরভাবে আইন-শৃঙ্খলা মেনে চলেন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।
তাছাড়া, মহররম কমিটির সদস্যরা প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য জেলা প্রশাসনের কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। বিশেষ করে, তাঁরা শোভাযাত্রার রুটগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন, জনসাধারণের দুর্ভোগ এড়াতে কৌশলগত ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ পানীয় জলের মতো মৌলিক সুযোগ-সুবিধার অনুরোধ জানান।
এই অনুরোধের প্রেক্ষিতে জেলাশাসক অভিষেক জৈন এবং সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা কমিটিগুলিকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। পদস্থ আধিকারিকরা জেলার সকলের জন্য একটি নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সক্রিয়ভাবে সাহায্য করতে মহররম কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস