
গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : উত্তরপূর্ব ভারতের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন তথা ‘বিশ্ব সংবাদ কেন্দ্র, অসম’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘চলচ্চিত্রম’ আয়োজিত জাতীয় চলচ্চিত্র উৎসব এ বছর আগামী ২৪ এবং ২৫ অক্টোবর দুদিনব্যাপী অনুষ্ঠিত হবে। গুয়াহাটির কাহিলিপাড়ায় অবস্থিত ‘জ্যোতি চিত্রবন’-এ প্রস্তাবিত চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত, জানিয়েছেন ‘চলচ্চিত্রম’-এর সভাপতি নব ঠাকুরিয়া এবং সম্পাদক ভগবত প্রীতম।
২০১৭ সাল থেকে প্রতি বছর ‘চলচ্চিত্রম’ জাতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। প্রতি বছরের মতো এবারও এক মিনিট থেকে ২৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার মূল বিষয় হলো ‘আমাদের ঐতিহ্য, আমাদের গৌরব’।
বিশ্ব সংবাদ কেন্দ্র, অসম-এর সহযোগী প্রতিষ্ঠান ‘চলচ্চিত্রম’-এর উদ্যোগে আয়োজিত এই জাতীয় চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা উত্তরপূর্ব ভারতের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ভারতীয় ঐতিহ্য, আদিবাসী সমাজ, স্বাধীনতা আন্দোলনের নায়ক, মহাকাব্য ও পৌরাণিক কাহিনি, জাতীয় সংহতি, শিল্প ও সংস্কৃতি, পাণ্ডুলিপি, চিত্রকলা, জাদুঘর, সংগীতজ্ঞ, লেখক, আদিবাসী উৎসব, জাতি-জনগোষ্ঠী, স্মৃতিচিহ্ন ও ঐতিহ্য ক্ষেত্র, সমাজ সংস্কার, ঐতিহ্যবাহী ক্রীড়া, নারী ক্ষমতায়ন, পরম্পরা ও পারিবারিক মূল্যবোধ, যোগ ও আয়ুর্বেদ, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, চা ও তেল, পরিবেশ, কৃষি, শিক্ষা, মানবাধিকার এবং উত্তরপূর্ব ভারতের পর্যটনের সম্ভাবনা - এই বিষয়গুলির ওপর নির্মিত চলচ্চিত্র গ্রহণ করা হবে।
এছাড়া ভারতীয় শিল্প-সংস্কৃতি, ঐতিহ্য, নারী, দেশপ্রেম, ডিজিটাল বিশ্ব, উন্নয়ন, পরিবেশ, মানুষ ও প্রকৃতি এবং ভারতীয় পরিবার বিষয়ক স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র, তথ্যচিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পাশাপাশি উৎসবের ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শনের জন্য পাঠানো যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতিযোগিতা সংক্রান্ত সমস্ত তথ্য চলচ্চিত্রম-এর ওয়েবসাইট ‘চলচ্চিত্রম ডট ইন’-এ পাওয়া যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলচ্চিত্রম কিছু নিয়মাবলি নির্ধারণ করেছে। সে অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে নির্মিত চলচ্চিত্র অনুষ্ঠেয় উৎসবে অংশ নিতে পারবে।
চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা ১০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত (কোনও ফি ছাড়া), ১ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত (৫০০ টাকা ফি সহ) এবং২০ জুলাই থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত (১,০০০ টাকা ফি সহ)।
এদিকে বিশ্ব সংবাদ কেন্দ্র, অসম-এর সম্পাদক কিশোর শিবম জানিয়েছেন, চলচ্চিত্রম-এর জন্য জ্যেষ্ঠ সাংবাদিক নব ঠাকুরিয়াকে সভাপতি এবং অভিনেতা-পরিচালক ভগবত প্রীতমকে সম্পাদক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস