
গুয়াহাটি, ৯ জুন (হি.স.) : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ওইমেনস ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এনএফআরডব্লিউডব্লিউও)-এর সভানেত্রী শালিনী শ্রীবাস্তবের নেতৃত্বে এক বৃক্ষ রোপণ কাৰ্যসূচির আয়োজন করা হয়। এছাড়া পাণ্ডুর ‘জাগৃতি শিক্ষানিকেতন’-এর শিক্ষার্থীদের মধ্যে এনএফআরডব্লিউডব্লিউও-র পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, এই কার্যসূচিটি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করেছে এবং বৃক্ষরোপণ ওদীর্ঘমেয়াদি কার্যক্রমের মাধ্যমে প্রকৃতি রক্ষার গুরুত্ব তুলে ধরেছে। শিশুদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং তাদেরকে গাছের যত্ন নেওয়া ও স্বাস্থ্যকর পরিবেশে অবদান রাখার বার্তা দেওয়া হয়েছে।
পাণ্ডুর রেলওয়ে বসতি এলাকায় ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত ‘জাগৃতি শিক্ষানিকেতন, পাণ্ডু’ একটি সাধারণ পদক্ষেপ হিসেবে যাত্রা শুরু করেছিল। এখন এটি পাণ্ডু ও মালিগাঁও এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। গত পাঁচ দশক ধরে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সংগঠন, হিতৈষী ও শুভানুধ্যায়ীদের সহায়তায় ধারাবাহিক এগিয়ে গেছে।
বর্তমানে এনএফআরডব্লিউডব্লিউও-এর সভানেত্রী শালিনী শ্রীবাস্তবের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়টি প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৬০ জনের বেশি শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা প্রদান করছে। প্রতিষ্ঠানটি শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটি নিষ্ঠাবান টিমের সমর্থন প্রাপ্ত হয়েছে। এই টিম শিক্ষা সংক্রান্ত, সাংস্কৃতিক ও পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে।
বিদ্যালয়টি তার গৌরবময় ৫০ বছরের সেবা পূর্তি সম্পন্ন করছে। এ উপলক্ষ্যে শিশুদের জন্য আরও অনুকূল শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এর সুযোগ-সুবিধার উন্নয়ন ও আধুনিকীকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এনএফআরডব্লিউডব্লিউ এমন সব শিক্ষামূলক পদক্ষেপ ও জনকল্যাণমূলক কার্যসূচিতে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ, যা সমাজের সামগ্রিক উন্নয়নে অবদান রাখে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস