
মুম্বই, ৯ জুন ( হি.স.): অবশেষে সমাজ মাধ্যমে মুক্তি পেল ভারত ভাগ্য বিধাতা- র টাইটেল ট্র্যাক। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অভিনীত এই ছবির ট্রেলার এবং প্রথম গান 'নাবাজ নাবাজ' ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে দর্শকদের মধ্যে । সেই সাফল্যের পর এবার নির্মাতারা সোমবার প্রকাশ করলেন ছবিটির টাইটেল ট্র্যাক। এই ছবির হাত ধরেই প্রায় দেড় বছর পর রূপালি পর্দায় ফিরছেন কঙ্গনা। ২০২৫ সালের জানুয়ারি মাসে মুক্তি পাওয়া 'ইমার্জেন্সি' ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। সদ্য মুক্তি পাওয়া এই টাইটেল ট্র্যাকে কঙ্গনাকে একজন নার্সের ভূমিকায় দেখা গেছে। গানটি গেয়েছেন সুখবিন্দর সিং। সঙ্গীত পরিচালনায় অমন পন্ত। গানটি লিখেছেন পরিচালক মনোজ তপাদিয়া।
প্রসঙ্গত, 'ভারত ভাগ্য বিধাতা' ছবিটি মূলত মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাস হামলার সময় কামা হাসপাতালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি । ছবিতে নার্স 'গীতা মাধব'-এর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। তিনি ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে এবং আদিত্য মিশ্র। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ১২ জুন ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক