
কলকাতা, ৯ জুন (হি. স.):- গ্রেফতারের একদিন পর মঙ্গলবার তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেল বিধাননগর পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে সকালে তাঁকে হাসপাতালে আনা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া কোনও ব্যক্তিকে আদালতে পেশ করার আগে নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সব্যসাচী দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও।স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে ফের পুলিশি হেফাজতে নেওয়া হয়। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আদালতে তদন্তকারী সংস্থা মামলার অগ্রগতি সম্পর্কে তাদের বক্তব্য পেশ করবে। সব্যসাচী দত্তের গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী ও শাসক— উভয় শিবিরেই বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ এখনও পর্যন্ত মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। আদালতের পরবর্তী নির্দেশ এবং তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়