ওয়েনাড়ের স্কুলে শিগেলা সংক্রমণ, অসুস্থ ৩ শতাধিক পড়ুয়া ও অভিভাবক
ওয়েনাড়, ৯ জুন (হি. স.): কেরলমের ওয়েনাড় জেলায় একটি স্কুলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অসুস্থতার ঘটনার নেপথ্যে শিগেলা সংক্রমণের সন্ধান মিলেছে। সুলতান বাথেরির একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই পড়ুয়ার শরীরে এই ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধরা পড়েছে। একই
ওয়েনাড়ের স্কুলে শিগেলা সংক্রমণ, অসুস্থ ৩ শতাধিক পড়ুয়া ও অভিভাবক


ওয়েনাড়, ৯ জুন (হি. স.): কেরলমের ওয়েনাড় জেলায় একটি স্কুলকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অসুস্থতার ঘটনার নেপথ্যে শিগেলা সংক্রমণের সন্ধান মিলেছে। সুলতান বাথেরির একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই পড়ুয়ার শরীরে এই ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধরা পড়েছে। একই সঙ্গে জ্বর, বমি, ডায়রিয়া ও মাথা ঘোরার মতো উপসর্গ নিয়ে ৩৩৯ জনেরও বেশি পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার জন্য পাঠানো ২১টি নমুনার মধ্যে সাড়ে চার বছরের এক ছাত্র এবং পাঁচ বছরের এক ছাত্রীর রিপোর্টে শিগেলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। বাকি ১৯টি নমুনার পরীক্ষার ফল এখনও আসেনি।

ঘটনাটি সুলতান বাথেরির কোলিয়াডি এলাকার মার বেসিলিয়োস এইউপি স্কুলকে কেন্দ্র করে। গত সপ্তাহে একাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে প্রথমে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হয়। তবে পরবর্তী চিকিৎসা পরীক্ষায় ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ইঙ্গিত মেলে এবং তদন্তের পর শিগেলা সংক্রমণ ধরা পড়ে।

বর্তমানে সুলতান বাথেরি তালুক হাসপাতালে ২১ জনের চিকিৎসা চলছে। এছাড়া ৩৮ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, এখনও পর্যন্ত কারও শারীরিক অবস্থা সংকটজনক নয়।

পরিস্থিতি বিবেচনা করে স্কুলটি এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেনমেনি পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে আসা ৪ থেকে ১২ বছর বয়সি মোট ৮৪১ জন পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে।

শিগেলা একটি সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা মূলত দূষিত খাবার বা পানীয়ের মাধ্যমে ছড়ায়। শিশুদের মধ্যে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে এবং তীব্র ডায়রিয়া, জ্বর ও শরীরে জলের ঘাটতির কারণ হতে পারে।

মঙ্গলবার কেরলমের স্বাস্থ্যমন্ত্রী কে. মুরলীধরন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন ওয়েনাড় সফরে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করবেন স্বাস্থ্যমন্ত্রী। একইসঙ্গে জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য দফতর স্কুলের পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে নজরদারি বাড়িয়েছে। সংক্রমণের উৎস চিহ্নিত করতে খাদ্য ও পানীয় জলের নমুনাও পরীক্ষা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande