
আগরতলা, ৯ জুন (হি.স.) : অসংগঠিত শ্রমিকদের ন্যায্য অধিকার ও সার্বিক উন্নয়নের দাবিতে মঙ্গলবার শ্রম দফতরের কমিশনারের কাছে ৫ দফা দাবিসম্বলিত ডেপুটেশন প্রদান করল ভারতীয় জনতা মজদুর সংঘ। সংগঠনের একটি প্রতিনিধি দল শ্রম কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেয় এবং বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি সেই হারে বাড়েনি। তাই শ্রমিকদের জীবনযাত্রার মান বজায় রাখতে দৈনিক হাজিরা বা মজুরি অবিলম্বে বৃদ্ধি করার দাবি জানানো হয়েছে।
এছাড়াও দীর্ঘদিন ধরে বহু অসংগঠিত শ্রমিক শ্রম দফতরের আওতায় নিবন্ধিত না হওয়ায় তাঁরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণে সকল যোগ্য শ্রমিককে দ্রুত লেবার কার্ড প্রদান এবং শ্রমিক কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সহজলভ্য করার দাবিও উত্থাপন করা হয়।
ডেপুটেশনে আরও দাবি করা হয়, নির্মাণ শ্রমিক, রাবার শ্রমিক, কৃষি ও অন্যান্য অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। দুর্ঘটনা বিমা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা সহায়তা এবং অবসরকালীন আর্থিক নিরাপত্তার মতো কল্যাণমূলক প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়।
ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, রাজ্যের অর্থনীতিতে অসংগঠিত শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাঁরা এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাঁদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সরকার ও শ্রম দফতর বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে বলে তাঁরা আশা ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্মাণ শ্রমিক থেকে শুরু করে রাবার শ্রমিক—সব ধরনের অসংগঠিত শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভারতীয় জনতা মজদুর সংঘ ভবিষ্যতেও আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাবে। শ্রমিকদের সমস্যা সমাধানে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেন তাঁরা।
ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে শ্রম দফতর চত্বরে সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ