
আগরতলা, ৯ জুন (হি.স.) : ত্রিপুরার যুব সমাজকে নেশার গ্রাস থেকে রক্ষা করতে এবং নেশা কারবারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (এআইডিডব্লিউএ) পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। সংগঠনের এক প্রতিনিধি দল থানায় গিয়ে ওসি-র সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে বনমালীপুর এলাকায় ক্রমবর্ধমান নেশা বাণিজ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এলাকায় সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রকাশ্যে নেশা দ্রব্যের ব্যবসা অব্যাহত রয়েছে। এর ফলে যুব সমাজের একটি বড় অংশ নেশার কবলে পড়ছে এবং বহু পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।
ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত নারী নেত্রীরা বলেন, নেশার বিস্তার শুধু যুবকদের ভবিষ্যৎ ধ্বংস করছে না, সমাজের স্বাভাবিক পরিবেশকেও নষ্ট করছে। প্রতিদিনই বিভিন্ন পরিবার নেশার কারণে সমস্যার মুখোমুখি হচ্ছে। অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে প্রত্যাশিত তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
তাঁদের বক্তব্য, বনমালীপুরসহ শহরের বিভিন্ন এলাকায় নেশা ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বহুবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। ফলে নেশা চক্র আরও বেপরোয়া হয়ে উঠছে এবং নতুন প্রজন্ম ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।
নারী সমিতির নেত্রীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেশা কারবারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি নেশা বিরোধী অভিযান জোরদার করা, নিয়মিত নজরদারি বৃদ্ধি করা এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবিও জানানো হয়।
ডেপুটেশন শেষে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, পুলিশ প্রশাসন বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বনমালীপুর এলাকাসহ গোটা শহরে নেশা কারবার রুখতে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ