
বেজিং, ২ ফেব্রুয়ারি (হি.স.): দলাই লামা গ্র্যামি পুরস্কার পাওয়ায় ক্ষোভ প্রকাশ করল শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চিন সরকার। দলাই লামা কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন পলাতক রাজনীতিক, দাবি চিনের। এখানেই শেষ নয়, ধর্মের আড়ালে চিনবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন দলাই লামা, অভিযোগ জিনপিং প্রশাসনের।
দলাই লামার পুরস্কারপ্রাপ্তি নিয়ে সোমবার প্রশ্ন করা হয় চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে। উত্তরে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র দাবি করেন, ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এই দলাই লামা। তিনি বলেন, দলাই লামা কোনও ধর্মীয় ব্যক্তিত্ব নন। তিনি এক জন পলাতক রাজনীতিক। তিনি ধর্মের আড়ালে চিনবিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা প্রথম বার গ্র্যামি পুরস্কার পেলেন। নবতিপর এই ধর্মগুরু 'মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দলাই লামা' অ্যালবামের জন্য 'বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং' বিভাগে এই পুরস্কার পান। এই অ্যালবামে তিনি উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই পুত্র আমান আলি খান ও আয়ান আলি খানের সঙ্গে যৌথ ভাবে কাজ করেছেন। দলাই লামা এই অর্জনকে মানবিকতার একত্ব এবং সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ