
হাথরাস, ৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের হাথরাস জেলায় যমুনা এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। মঙ্গলবার ভোরে একটি ডবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইকো গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। মৃতরা রাজস্থানের ঢোলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সুপার চিরঞ্জীব নাথ সিনহা জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের ১৪১ নম্বর মাইলেস্টোনের কাছে মঙ্গলবার ভোররাত ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দিল্লি থেকে গোরক্ষপুরগামী একটি বেসরকারি ডবল ডেকার বাস সামনে থাকা একটি ইকো ভ্যানকে ধাক্কা মারে। ওই গাড়ির আরোহীরা দিল্লি থেকে রাজস্থানের রাজখেড়া ঢোলপুরে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গিয়েছে— তাঁরা হলেন দীনেশ, তাঁর স্ত্রী সুনীতা, বিজয় এবং বিজয়ের স্ত্রী পিঙ্কি বাঘেল। বাকি দুজনের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি। মৃতরা রাজস্থানের গঙ্গোলি এলাকার বাসিন্দা ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এই দুর্ঘটনায় ইকো কারের চালক বীরেন্দ্র এবং মনোজ, আর্যন, অংশু, লক্ষ্য (বিজয়-পিঙ্কির ছেলে), প্রাচী (মেয়ে) ও পুনম বাঘেল আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে খন্দৌলি থানা এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অতিরিক্ত গতিবেগ এবং চালকের অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি