
দক্ষিণ দিনাজপুর, ৩ মার্চ (হি. স.): দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে বিদ্যুতের খুঁটি গায়ে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মুশফিকুর রহমান মন্ডল। মঙ্গলবার দুপুরে কুমারগঞ্জের সাঁপনগর পঞ্চায়েতের কুসুমতারা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নামার পাশাপাশি বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুশফিকুরের বাড়িতে পাম্প বসানোর কাজ চলছিল। সেই কারণেই একটি ভ্যানে করে বিদ্যুতের খুঁটি আনা হয়েছিল। গ্রামের সরু রাস্তায় ভ্যান থেকে খুঁটি নামানোর সময় আচমকা ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওপর থেকে ভারী সিমেন্টের খুঁটিটি সরাসরি নিচে দাঁড়িয়ে থাকা মুশফিকুরের ওপর পড়ে যায়। খুঁটিটি তাঁর পিঠের ওপর পড়ায় তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা এই ঘটনার জন্য সরাসরি বিদ্যুৎ দফতরের গাফিলতিকে দায়ী করেছেন। মৃতের আত্মীয় নাসির মন্ডল অভিযোগ করেছেন যে, খুঁটি নামানোর জন্য যে কর্মীদের পাঠানো হয়েছিল তারা অত্যন্ত অল্পবয়সী এবং অনভিজ্ঞ ছিল। তাঁদের অসাবধানতা ও অযোগ্যতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি পরিবারের।
খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / সোনালি