
আগরতলা, ৩ মার্চ (হি.স.) : সাংসদ রাজীব ভট্টাচার্যের সংসদ তহবিলের অর্থে আগরতলায় ধলেশ্বর বেদবাণী সংঘ ও সেবালয়ের নবনির্মিত কমিউনিটি হলের শুভ উদ্বোধন হল মঙ্গলবার। দোল পূর্ণিমার পূণ্য লগ্নে ফিতা কেটে হলটির উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
ধলেশ্বর নতুন পল্লী এলাকার বেদবাণী সংঘ দীর্ঘদিন ধরেই একটি কমিউনিটি হল নির্মাণের দাবি জানিয়ে আসছিল। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি সাংসদের নজরে আনা হলে তিনি তাঁর সংসদ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। সেই অর্থেই নির্মিত হয় আধুনিক সুবিধাসম্পন্ন এই কমিউনিটি হল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দোল পূর্ণিমা হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই পবিত্র দিনে কমিউনিটি হলের উদ্বোধন করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, এই হল স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন কর্মসূচির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।
কমিউনিটি হল উদ্বোধন উপলক্ষ্যে বেদবাণী সংঘের উদ্যোগে এদিন হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। এলাকাবাসী ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ