
আগরতলা, ৩ মার্চ (হি.স.) : ২০২৫-২৬ সালে রিপাবলিক ডে ক্যাম্প (আরডিসি) এবং স্থল সেনা ক্যাম্প (টিএসসি)-তে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেটদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লোকভবনে। অনুষ্ঠানে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু উপস্থিত থেকে কৃতী ক্যাডেটদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে রাজ্যপাল তাঁর বক্তব্যে ক্যাডেটদের শৃঙ্খলাপরায়ণতা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের প্রশংসা করেন। তিনি বলেন, এনসিসি শুধুমাত্র একটি প্রশিক্ষণমূলক সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার এক শক্তিশালী প্ল্যাটফর্ম। জাতি গঠনে এনসিসি ক্যাডেটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, দিল্লিতে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডসহ জাতীয় স্তরের বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়ে ত্রিপুরার ক্যাডেটরা রাজ্যের সুনাম বৃদ্ধি করেছে। আরডিসি ও টিএসসি-তে তাদের কৃতিত্ব রাজ্যের জন্য গর্বের বলে মন্তব্য করেন রাজ্যপাল।
এই সংবর্ধনা অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কৃতী ক্যাডেটদের সম্মানিত করা এবং তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া। পাশাপাশি রাজ্যের অন্যান্য তরুণ-তরুণীদের এনসিসি-তে যোগদানে উৎসাহিত করাও ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা এবং এনসিসি আধিকারিকরাও ক্যাডেটদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ