
আগরতলা, ৩ মার্চ (হি.স.) : ককবরক ভাষার ভাষা শহিদ ধনঞ্জয় ত্রিপুরাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ, উপজাতি যুব ফেডারেশন এবং টিএসইউ’র সদর বিভাগীয় কমিটি। মঙ্গলবার রাজধানী আগরতলায় কর্নেল চৌমুহনী এলাকায় শহিদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ককবরক ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে ১৯৭৫ সালের ৩ মার্চ বিলোনিয়ার জোলাইবাড়িতে আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে শহিদ হন জনজাতি নেতা ধনঞ্জয় ত্রিপুরা। ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে তাঁর আত্মত্যাগ আজও জনজাতি সমাজকে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, ককবরক জনজাতিদের মাতৃভাষা এবং তাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ভাষার পূর্ণাঙ্গ বিকাশ, শিক্ষা-প্রশাসনে প্রয়োগ ও যথাযথ মর্যাদা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিন সংগঠনের পক্ষ থেকে শহীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ককবরক ভাষার সংরক্ষণ ও প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ