
নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : সিবিএসই-র পেমেন্ট গেটওয়ে ব্যবস্থায় বড়সড় উন্নতির নির্দেশ দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরীক্ষার ফল প্রকাশ ও পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় পড়ুয়াদের প্রযুক্তিগত ও অনলাইন পেমেন্ট সংক্রান্ত সমস্যার প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনা করেন তিনি। এরপরই সিবিএসই-র পেমেন্ট ব্যবস্থা আরও শক্তিশালী করতে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক সিবিএসই-র পোস্ট-এক্সাম সার্ভিস পোর্টালের পেমেন্ট গেটওয়ে ব্যবস্থাকে আরও মজবুত করতে প্রযুক্তিগত সহায়তা দেবে। এই ব্যাঙ্কগুলি নিরাপদ ও স্থিতিশীল পেমেন্ট প্রোটোকল তৈরিতে সহযোগিতা করবে, যাতে নির্ভুল ও সময়মতো অনলাইন লেনদেন নিশ্চিত করা যায়।
এছাড়াও পেমেন্ট সংক্রান্ত ত্রুটি দূর করা, অতিরিক্ত টাকা কেটে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফেরতের ব্যবস্থা চালু করা এবং ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তোলার দিকেও জোর দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রকের দাবি, অর্থ মন্ত্রক ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সমন্বিত উদ্যোগে পুনর্মূল্যায়ন-সহ বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে পড়ুয়াদের ভোগান্তি অনেকটাই কমবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য