
ভাটকল, ২৪ মে (হি.স.) : কর্নাটকের উত্তর কন্নড় জেলার ভাটকল তালুকের তট্টেহাক্কালু নদী এলাকায় রবিবার মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে। নদী থেকে শামুক তুলতে নামার সময় আচমকা জলস্তর বেড়ে যাওয়ায় প্রবল স্রোতে ভেসে যান তাঁরা। ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও দুই জন নিখোঁজ রয়েছেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, পাডুশিরালি শারদহোলে গ্রামের ১৪ জন রবিবার সকালে তট্টেহাক্কালু নদীতে শামুক তুলতে গিয়েছিলেন। সেই সময় আচমকা নদীর জলস্তর বেড়ে যায়। প্রবল স্রোত ও ঘূর্ণিতে একাধিক ব্যক্তি ভেসে যান। স্থানীয় মৎস্যজীবী ও গ্রামবাসীরা উদ্ধারকাজে নামলেও ৯ জনকে বাঁচানো যায়নি। চারজনকে উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসন, পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় এখনও তল্লাশি অভিযান চলছে। মৃতদের মধ্যে এক জন পুরুষ ও আট জন মহিলা রয়েছেন। মৃতদের দেহ ভাটকল তালুক সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে জানান, এটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক ঘটনা। নিখোঁজদের খোঁজে জোরকদমে তল্লাশি চলছে বলেও তিনি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য