
পূর্ব মেদিনীপুর, ২৪ মে (হি.স.): ‘ঘরের ছেলে’ এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই গুরুভার নিয়ে রবিবার প্রথম ‘ঘর’ নন্দীগ্রামে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। সেই জনসভা থেকে নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। বললেন, আমি সংবিধানের নিয়ম মেনে একটা আসন (ভবানীপুর) রেখে আরেকটা (নন্দীগ্রাম) ছেড়েছি। কিন্তু আপনারা বিচলিত হবেন না। আপনাদের শুভেন্দু আপনাদের কাছে আছে, থাকবে। রবিবার নন্দীগ্রামের সভায় শুভেন্দু বলেন, আমি যা কথা দিয়েছি, সব কথা অক্ষরে অক্ষরে এখন করার দায়িত্ব আমার। নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনের বিধায়ক হিসেবে শপথ নিলেও শুভেন্দুর আশ্বাস, এই মাটি (নন্দীগ্রাম)-র সঙ্গে তিনি ‘ছিলেন, আছেন, থাকবেন।’ মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নন্দীগ্রামে কোনও সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এদিন ছিল উপচে পড়া ভিড়।
শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে বিবিধ কাজ থাকার কারণে তিনি সব সময় নন্দীগ্রামে যেতে না পারলেও সেখানকার ভার থাকবে সৌমেন্দু অধিকারীর উপরে। তিনি বলেন, কাঁথির সাংসদ তথা ভাই সৌমেন্দুকে আপনাদের পঞ্চায়েত, প্রশাসন, জনগণের কাজের ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দিলাম। তাঁকে পাঁচ জন বিধায়ক সাহায্য করবেন পাঁচটি মণ্ডলে| শুভেন্দু এ-ও জানান, নন্দীগ্রামে উপনির্বাচন হবে। সেখানে বিজেপি প্রার্থীকে বিজয়ী করার আর্জিও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ