
পূর্ব বর্ধমান, ৯ জুন (হি. স. ) : ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেও দলনেত্রীর প্রতি নিজের আনুগত্য প্রকাশ করলেন অভিনেতা দেব।
মঙ্গলবার আবেগঘন সুরে তিনি সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে, আমি এখনই বা এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে একটা কথা আজ খুব স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই বেঁচে আছেন, আমি ততদিন ওঁর পাশে আছি এবং থাকব।
সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ১৪ জন সাংসদের এক অত্যন্ত গোপন বৈঠক ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই তালিকায় ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর নাম থাকতেই তীব্র জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, সুখেন্দুশেখর রায়ের পর এবার কি তবে দেব-ও শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত