মূল্যবৃদ্ধি-বেকারত্ব ইস্যুতে মোদী সরকারকে নিশানা কংগ্রেসের
নয়াদিল্লি, ৯ জুন(হি.স.) : সুশাসনের ১২ বছর অর্থাৎ ২০২৪ সালের এই দিনেই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্র মোদী। সেই বর্ষপূর্তিকে সামনে রেখে যখন শাসক দল বিজেপি দেশজুড়ে সরকারের সাফল্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি
মূল্যবৃদ্ধি-বেকারত্ব ইস্যুতে মোদী সরকারকে নিশানা কংগ্রেসের


নয়াদিল্লি, ৯ জুন(হি.স.) : সুশাসনের ১২ বছর অর্থাৎ ২০২৪ সালের এই দিনেই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্র মোদী। সেই বর্ষপূর্তিকে সামনে রেখে যখন শাসক দল বিজেপি দেশজুড়ে সরকারের সাফল্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করছে, তখনই মূল্যবৃদ্ধি, বেকারত্ব, প্রশ্নফাঁস, কৃষকদের দুরবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস।

মঙ্গলবার দলের সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে কংগ্রেসের গবেষণা বিভাগের চেয়ারম্যান রাজীব গৌড়া দাবি করেন, দেশের অর্থনীতি নিয়ে সরকারের প্রচার ও বাস্তব পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

তাঁর কথায়, ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে বলে তুলে ধরা হলেও বাস্তবে অর্থনৈতিক সূচকের একাধিক ক্ষেত্রে উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। টাকার ক্রমাগত অবমূল্যায়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের অনীহার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

উজ্জ্বলা প্রকল্পের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা অভিযোগ করেন, প্রকল্পের আওতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের সংখ্যা ধাপে ধাপে কমিয়ে আনা হয়েছে। প্রথমে বছরে ১২টি সিলিন্ডারের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা ৯-এ এবং বর্তমানে ৪-এ নেমে এসেছে বলে দাবি তাঁর। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেসের গবেষণা ও পর্যবেক্ষণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অমিতাভ দুবে দাবি করেন, ২০১৪ সালের পর থেকে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, দুধ ও ডালের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাঁর অভিযোগ, মূল্যবৃদ্ধির চাপে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের সংসার ক্রমশ কঠিন হয়ে উঠছে।

বেকারত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উচ্চশিক্ষিত যুবকদের একটি বড় অংশ এখনও কর্মসংস্থানের বাইরে রয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রের সংকটের কথাও উল্লেখ করে তাঁর দাবি, বহু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ আরও কমেছে। কৃষকদের অবস্থাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষাক্ষেত্রে প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করেও কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলে কংগ্রেস। দলের অভিযোগ, গত কয়েক বছরে একাধিক নিয়োগ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা সামনে এসেছে, যা শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগও দাবি করেন অমিতাভ দুবে।

রেল নিরাপত্তা ও পরিকাঠামোর বিষয়েও কেন্দ্রকে আক্রমণ শানিয়ে কংগ্রেসের বক্তব্য, আধুনিকীকরণ ও নিরাপত্তা বৃদ্ধির সরকারি দাবির পরও দুর্ঘটনা ও যাত্রী সুরক্ষা নিয়ে উদ্বেগ কাটেনি।

কংগ্রেসের দাবি, মোদী সরকারের সুশাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে সাফল্যের প্রচার যতই করা হোক না কেন, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা এবং কৃষি সংক্রান্ত মৌলিক সমস্যাগুলির কার্যকর সমাধান এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande