
হাভানা, ৯ জুন (হি. স.) : কিউবার পশ্চিম উপকূলের অদূরে সমুদ্রে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী হাভানা-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের কম্পন ক্যারিবিয়ান পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার কিছু অংশেও অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হাভানার পশ্চিমে সমুদ্রাঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।
কম্পনের জেরে পশ্চিম কিউবার একাধিক শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নেন। তবে প্রাথমিকভাবে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কিউবার জরুরি পরিষেবা ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। পিনার দেল রিও প্রদেশ সহ কয়েকটি এলাকায় বাড়িঘর দুলে ওঠার খবর মিলেছে, যদিও বড় কোনও দুর্ঘটনার ঘটনা ঘটেনি।
ভূমিকম্পের প্রভাব শুধু কিউবাতেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকেও কম্পন অনুভূত হওয়ার একাধিক খবর এসেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞদের মতে, ক্যারিবিয়ান অঞ্চলের সক্রিয় টেকটোনিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় কিউবায় মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। যদিও সোমবারের ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে, তবু এটি অঞ্চলের ভূমিকম্পজনিত ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনে দিল। সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় কিউবার জরুরি পরিষেবাগুলিকে সতর্ক রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য