মণিপুরের তামেংলং জেলায় কৃষককে গুলি করে হত্যা, নিরাপত্তা জোরদার
তামেংলং (মণিপুর), ৯ জুন (হি.স.) : মণিপুরের তামেংলং জেলায় এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার রাজ্য পুলিশের আধিকারিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সন্দেহভাজন সশস্ত্র দুষ্কৃতীরা ধানক্ষেতে কর্মরত কৃষকদের লক্ষ্য করে গুলি চালালে
মণিপুরের তামেংলং জেলায় কৃষককে গুলি করে হত্যা, নিরাপত্তা জোরদার


তামেংলং (মণিপুর), ৯ জুন (হি.স.) : মণিপুরের তামেংলং জেলায় এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার রাজ্য পুলিশের আধিকারিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সন্দেহভাজন সশস্ত্র দুষ্কৃতীরা ধানক্ষেতে কর্মরত কৃষকদের লক্ষ্য করে গুলি চালালে এই ঘটনা ঘটে। সূত্রটি জানিয়েছে, দুষ্কৃতীদের গুলিতে নিহত কৃষককে তামেংলং জেলার লানসান কুকি গ্রামের বাসিন্দা কুকি জনগোষ্ঠীভুক্ত হাওগিন লৌভুম (৫৫) বলে শনাক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে ঘটনাটি ঘটেছে তামেংলং জেলার তামেই থানার অধীনস্থ লানসান কুকি গ্রামে। ইমফল-তামেংলং সড়কের পাশে লানসান গ্রামের কাছে একটি ধানক্ষেতে কয়েকজন কৃষক কাজ করছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কৃষক হাওগিন লৌভুমের।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই হামলার সঙ্গে নাগা জঙ্গি সংগঠন জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্ট (কামসন) গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা জড়িত থাকতে পারে। তবে হামলাকারীদের পরিচয় বা কোনও সংগঠনের জড়িত থাকার বিষয়টি পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

নিহত হাওগিন লৌভুমের মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য কাঙপোকপি জেলায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে দুষ্কৃতীদের পাকড়াও করতে তদন্ত-অভিযান চলছে।

পুলিশের আধিকারিক সূত্র জানিয়েছে, ঘটনার পর ইমফল-তামেংলং সড়ক এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এদিকে কুকি ইনপি সদর হিলস অভিযোগ করেছে, হাওগিন লৌভুমকে এনএসসিএন-আইএম কামসন গোষ্ঠীর ক্যাডাররা মেরেছে। সংগঠনটির দাবি, শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার সময় মৃতদেহটি মাকুই গ্রামের মধ্য দিয়ে যেতে দেওয়া হয়নি।

অন্য এক বিবৃতিতে কুকি সম্প্রদায়ের শীর্ষ নাগরিক সংগঠন কুকি ইনপি মণিপুর ঘটনাকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ বলে অভিযোগ করেছে। রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ব্যর্থতার অভিযোগ তুলেছে কুকি ইনপি মণিপুর। সংগঠনটি বলেছে, তামেংলং জেলার ঝুঁকিপূর্ণ কুকি-জো গ্রামগুলোর নিরাপত্তা নিয়ে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থার পর্যাপ্ততা নিয়ে প্রশ্ন তুলেছে।

সংগঠনটি আরও দাবি, চলমান উত্তেজনার মধ্যেও কেন কুকি-জো গ্রামের মানুষ নিরাপত্তা হুমকির মুখে রয়েছেন, তা নিয়ে জেলা প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর ব্যাখ্যা দেওয়া উচিত।

তবে কুকি সংগঠনগুলোর উত্থাপিত অভিযোগ নিয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গতকাল সোমবার কাঙপোকপি জেলার পংরিংলং পার্ট-১ এলাকায় আরেকটি হিংসাত্মক ঘটনায় নাগা নাগরিক চুঞ্জাংলুং পানমেই (৫৭) নিহত হয়েছিলেন। অভিযোগ, অজ্ঞাত সশস্ত্র দুষ্কৃতীরা তাঁকে হত্যা করেছে। তিনি জ্বালানি কাঠ সংগ্রহকারী গ্রামবাসীদের একটি দলের সঙ্গে ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande