
কলকাতা, ৯ জুন (হি. স. ) : কলকাতা পুরসভায় গ্রেফতার আরও এক কাউন্সিলর। মঙ্গলবার গ্রেফতার হলেন ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য। একই সঙ্গে ধরা হয়েছে তাঁর স্বামী সলিল চট্টোপাধ্যায়কেও।
তোলাবাজির অভিযোগে ওয়াটগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেফতার করেছে।
রাজ্যে পালাবদলের পর দিকে দিকে জনরোষের মুখে পড়ছেন তৃণমূলের ছোট-মাঝারি-বড় নেতারা। কারও বিরুদ্ধে তোলাবাজির, কারও বিরুদ্ধে সরকারি ত্রাণ নিজের বাড়িতে মজুত রাখার অভিযোগ উঠছে।
শুধু তা-ই নয়, আরও বিভিন্ন পুরনো অভিযোগে বিদ্ধ হচ্ছেন তৃণমূল নেতানেত্রীরা। প্রায় সব অভিযোগ নিয়েই ‘অ্যাকশনে’ পুলিশ। রাজ্য জুড়েই শুরু হয়েছে ধরপাকড়।
গত ৫ জুন সুস্মিতা এবং সলিলের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে পুলিশ।
অভিযোগ, এক বয়স্ক ব্যক্তির থেকে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন সুস্মিতা। এ ছাড়াও, ধৃতদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত