
কাঠমান্ডু, ৯ জুন (হি.স.) : বিতর্ক ও পদত্যাগের কয়েক মাস পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফেরানো হচ্ছে সুদন গুরুংকে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সুপারিশে তাঁকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবারই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
সরকারি মুখপাত্র সস্মিত পোখরেল জানিয়েছেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী শাহ রাষ্ট্রপতির কাছে সুদন গুরুংকে পুনর্নিয়োগের সুপারিশ পাঠিয়েছেন। সেই সুপারিশ অনুমোদনের পর শপথগ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
সম্পত্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্কের জেরে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল গুরুংকে। পরে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করে সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই তদন্ত কমিটির রিপোর্ট গ্রহণ করা হয়।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে গুরুংকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত বলে জানিয়েছে। রিপোর্টে ‘ক্লিন চিট’ পাওয়ার পরই তাঁর মন্ত্রিসভায় প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হয়।
সরকারি সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই গুরুংকে পুনরায় দায়িত্বে ফেরানোর বিষয়ে আলোচনা চলছিল। মন্ত্রিসভার অনুমোদনের পর রাষ্ট্রপতি ভবনকে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে সুদন গুরুংয়ের প্রত্যাবর্তন নেপালের রাজনৈতিক মহলে নতুন করে তাৎপর্য তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, সরকারের এই সিদ্ধান্ত শাসক শিবিরের অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য