
কলকাতা, ৯ জুন (হি. স.) : পশ্চিমবঙ্গে থমকে থাকা রেল প্রকল্পগুলিকে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে তৈরি হওয়া বিভিন্ন জটিলতা ও বাধা দূর করতে এই টাস্ক ফোর্সে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধিদের পাশাপাশি ভারতীয় রেলের আধিকারিকদেরও শামিল করা হয়েছে।
রাজ্য সচিবালয় নবান্ন সূত্রে জানা গেছে, এই বিশেষ টাস্ক ফোর্সের সভাপতিত্ব করছেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। কমিটিতে স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পদস্থ কর্তারা রয়েছেন। এর পাশাপাশি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল এবং রেল বিকাশ নিগম লিমিটেড -এর প্রতিনিধিদেরও এই টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এই কমিটিতে মোট ২০ জন সদস্য রয়েছেন।
সূত্রের খবর, গত সপ্তাহে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কলকাতা সফরের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর একটি বৈঠক হয়। সেই বৈঠকের পরই এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সচিবালয়ের অন্য এক সূত্রের দাবি, থমকে থাকা রেল প্রকল্পগুলি যত দ্রুত সম্ভব শেষ করার বিষয়ে মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি ছিল, এই টাস্ক ফোর্স গঠন তারই প্রথম ইতিবাচক পদক্ষেপ।
অন্যদিকে, রেলমন্ত্রী রাজ্যে বুলেট ট্রেন পরিষেবা চালু করার কথাও ঘোষণা করেছেন। এই ট্রেনটি নতুন দিল্লি থেকে শুরু হয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবে। লখনউ, বারাণসী এবং পটনা হয়ে নির্ধারিত রুটটি অতিক্রম করবে এই ট্রেন। এর ফলে পুরো যাত্রাটি মাত্র ৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এ ছাড়া, আগামী ৫ বছরে রাজ্যে ৬০টি নতুন ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি