
নয়াদিল্লি, ৯ জুন(হি.স.): আম আদমি পার্টির (এএপি) দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলায় অভিযোগকারী তথা দিল্লি সরকারের মন্ত্রী প্রবেশ বর্মাকে বয়ান পেশের জন্য সময় দিল রাউস অ্যাভিনিউ আদালত। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৪ জুলাই।
অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট নেহা মিত্তলের আদালতে মঙ্গলবার মামলাটির শুনানি হয়। এর আগে মামলার দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট পারস দালাল গত ৮ জুন এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁর নির্দেশেই প্রবেশ বর্মার ৯ ও ১১ জুন আদালতে বয়ান দেওয়ার কথা ছিল।
মামলার আবেদনে প্রবেশ বর্মা অভিযোগ করেছেন, গত ১৫ ও ১৬ মে সৌরভ ভরদ্বাজ তাঁর বিরুদ্ধে একাধিক ‘মিথ্যা ও মানহানিকর’ অভিযোগ প্রকাশ্যে আনেন। সৌরভ দাবি করেছিলেন, মন্ত্রী হিসেবে নিজের প্রভাব খাটিয়ে প্রায় ৫০০ কোটি টাকার একটি বেসরকারি শিক্ষা ট্রাস্টে ঘনিষ্ঠ এক ব্যক্তিকে ট্রাস্টি হিসেবে নিয়োগ করিয়েছেন প্রবেশ বর্মা।
এছাড়াও পকসো মামলায় অভিযুক্ত কয়েকজন কর্মীর পক্ষে তিনি কাজ করেছেন বলেও অভিযোগ তুলেছিলেন সৌরভ ভরদ্বাজ। প্রবেশ বর্মার দাবি, এই অভিযোগগুলির কোনও বাস্তব ভিত্তি নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যেই সেগুলি করা হয়েছে।
ফৌজদারি মানহানির মামলার পাশাপাশি একই অভিযোগে দিল্লি হাইকোর্টেও একটি দেওয়ানি মানহানির মামলা দায়ের করেছেন প্রবেশ বর্মা। সেই মামলায় সৌরভ ভরদ্বাজের কাছে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির দুই শীর্ষ রাজনৈতিক নেতার এই আইনি লড়াই আগামী দিনে আরও তীব্র হতে পারে। এএপি এবং বিজেপির মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের আবহে এই মামলাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য