
কৃষ্ণনগর, ৯ জুন (হি. স.): প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস-এর বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রিপল ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কৃষ্ণনগর শহরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বিজেপি কর্মীরা ট্রাকটি আটক করে ত্রিপল সরানোর কারণ জানতে চান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগরে উজ্জ্বল বিশ্বাসের বাড়ি থেকে বেশ কয়েকটি ত্রিপল ট্রাকে তোলা হচ্ছিল। সেই সময় বিজেপি কর্মীরা ট্রাকটি থামিয়ে প্রশ্ন তোলেন, গরিব মানুষের জন্য বরাদ্দ বলে দাবি করা এত ত্রিপল কেন একটি প্রাক্তন মন্ত্রীর বাড়িতে মজুত ছিল এবং সেগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।উজ্জ্বল বিশ্বাসের বাড়ির পক্ষ থেকে জানানো হয়, ত্রিপলগুলি বিডিও অফিসে পাঠানো হচ্ছিল এবং সেগুলি সাময়িকভাবে সেখানে রাখা ছিল। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে সাধারণ মানুষেরও ভিড় জমে যায় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ নিরাপত্তার স্বার্থে উজ্জ্বল বিশ্বাসকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ত্রিপল মজুত ও সরানোর বিষয়ে প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়