
দুর্গাপুর, ৯ জুন (হি. স.): দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত এমএএমসি এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কর্মীর বাড়ি থেকে ফেরার পথে হামলার শিকার হলেন সংগঠনের দুই কার্যকর্তা। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে বিপিন সাউ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিপিন সাউ এমএএমসি সুভাষপল্লি এলাকার বাসিন্দা। মঙ্গলবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে।
আহতদের মধ্যে রয়েছেন আরএসএসের বর্ধমান বিভাগের সম্পর্ক প্রমুখ নিরঞ্জন মাকুড় এবং আসানসোল সাংগঠনিক জেলার এক কার্যকর্তা। আরএসএস সূত্রের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা এমএএমসি সুভাষপল্লি এলাকায় এক স্বয়ংসেবকের বাড়িতে সাক্ষাৎ করে ফেরার সময় একদল যুবক তাঁদের পথ আটকে হামলা চালায়।
নিরঞ্জন মাকুড় জানান, হামলাকারীদের হাতে হকি স্টিক ও ক্রিকেট ব্যাট ছিল। তাঁর অভিযোগ, “কোনও রকম কথা কাটাকাটি বা বচসা ছাড়াই প্রায় দশজন যুবক আচমকা আমাদের উপর চড়াও হয়। ব্যাট ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। আমাকে রক্ষা করতে গিয়ে জেলার এক কার্যকর্তাও গুরুতর জখম হন।”
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্যান্য কার্যকর্তাদের খবর দেওয়া হয়। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিউ টাউনশিপ থানায় জড়ো হন আরএসএসের একাধিক স্বয়ংসেবক ও কার্যকর্তা। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই বিপিন সাউকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করার কাজ চলছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে নিউ টাউনশিপ থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য