
তারকেশ্বর, ৯ জুন (হি.স.) : আসন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সামনে রেখে প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার তারকেশ্বরের সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি। সভাকে কেন্দ্র করে সাংগঠনিক ও পরিকাঠামোগত প্রস্তুতি এখন শেষ পর্যায়ে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত কুমার বেরা।
বিজেপি সূত্রে খবর, সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের বসার পরিকাঠামো, যানবাহন নিয়ন্ত্রণ, পানীয় জল সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার প্রস্তুতি খতিয়ে দেখেন নেতারা। পাশাপাশি প্রশাসনিক আধিকারিক ও দলীয় সংগঠকদের সঙ্গে আলোচনা করে প্রস্তুতির অগ্রগতিও পর্যালোচনা করেন তাঁরা।
দলীয় নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে হুগলি জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বিপুল সংখ্যক মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই কোনও খামতি না রাখতে আগাম সমস্ত ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন পরিদর্শন শেষে বিজেপি নেতারা জানান, জনসভাকে সফল করতে কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই মাঠে নেমে কাজ শুরু করেছেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই সভাকে ঐতিহাসিক করে তোলাই দলের লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA