
নয়াদিল্লি, ৯ জুন (হি. স.) : আগামী ১৩-১৯ জুনের মধ্যে ফ্রান্স এবং স্লোভাকিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরকালে তিনি ফ্রান্সের এভিয়ানে আয়োজিত জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী জি-৭ ভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান, আমন্ত্রিত সহযোগী দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন।
মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী জানা গেছে , প্রধানমন্ত্রী ১৩-১৪ জুন (নিস) এবং ১৬-১৯ জুন (এভিয়ান ও প্যারিস) ফ্রান্সে সরকারি সফর করবেন। এর মাঝে ১৪-১৬ জুন তিনি স্লোভাকিয়া সফরে থাকবেন।
সফরের শুরুতে ১৪ জুন নিস-এ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। চলতি বছরের শুরুতে ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করা হয়েছিল। দুই নেতা এই সম্পর্কের সমস্ত দিক পর্যালোচনা করবেন। এ ছাড়া, নিস-এ দুই নেতা যৌথভাবে ‘ভারত ইনোভেটস’ কর্মসূচির উদ্বোধন করবেন, যেখানে ভারত, ফ্রান্স ও অন্যান্য দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডগুলি অংশ নেবে।
১৪ থেকে ১৬ জুন প্রধানমন্ত্রী স্লোভাকিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। ১৯৯৩ সালে স্লোভাকিয়া স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশ সফর করছেন। এর আগে ২০২৫ সালের এপ্রিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্লোভাকিয়া সফর করেছিলেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে 'এআই ইমপ্যাক্ট সামিট'-এ যোগ দিতে স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি ভারত সফরে এসেছিলেন। এবার স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করে বাণিজ্য, বিনিয়োগ, অটোমোবাইল এবং রেলওয়ে উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী মোদী। এর পাশাপাশি তিনি রাষ্ট্রপতি পেলেগ্রিনির সঙ্গেও সাক্ষাৎ করবেন।
১৬-১৭ জুন ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্বের একাধিক নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এবারের জি-৭ সম্মেলনের মূল অধিবেশনগুলি মূলত ‘নতুন অংশীদারিত্ব গঠন ও আন্তর্জাতিক সংহতি পুনর্নির্মাণ’, ‘সবার জন্য সুষম ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ এবং ‘এআই -এর নিরাপদ ও দক্ষ বাস্তবায়ন’—এই বিষয়গুলির ওপর কেন্দ্র করে আয়োজিত হবে।
১৮ জুন সফরের শেষ চরণে প্যারিসে দ্বিপাক্ষিক বৈঠক এবং ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ প্রদর্শনী ‘ভিভাটেক শীর্ষ সম্মেলন’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ারও সম্ভবনা রয়েছে।
বিদেশ মন্ত্রকের মতে, প্রধানমন্ত্রীর এই ইউরোপ সফর ফ্রান্স, স্লোভাকিয়া এবং জি-৭-এর সঙ্গে ভারতের সম্পর্ককে আরও গভীর করবে। জি-৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি বৈশ্বিক দক্ষিণ -এর অগ্রণী কণ্ঠস্বর এবং বিশ্বমঞ্চে ভারতের শক্তিশালী অবস্থানের প্রতীক।
হিন্দুস্থান সমাচার / সোনালি