
নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.) : অনলাইন খাদ্য সরবরাহ ও কুইক-কমার্স সংস্থা সুইগিতে বিদেশি বিনিয়োগ কমে মোট পরিশোধিত ইকুইটি শেয়ার মূলধনের ৫০ শতাংশের নীচে নেমে এসেছে। ৬ জুলাই, ২০২৬ পর্যন্ত সংস্থায় বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯.৭৬ শতাংশ, ফলে দেশীয় মালিকানার অংশ বেড়ে হয়েছে ৫০.২৪ শতাংশ।
মঙ্গলবার শেয়ার বাজারে জমা দেওয়া নিয়ন্ত্রক নথিতে সংস্থা জানিয়েছে, বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই), প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং অন্যান্য পরোক্ষ বিদেশি বিনিয়োগ মিলিয়ে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।
এই পরিবর্তন এমন সময়ে ঘটল, যখন সুইগি ‘ইন্ডিয়ান ওনড অ্যান্ড কন্ট্রোলড কোম্পানি’ (আইওসিসি) মর্যাদা পাওয়ার চেষ্টা করছে। তবে সংস্থা স্পষ্ট করেছে, শুধু বিদেশি শেয়ারহোল্ডিং ৫০ শতাংশের নীচে নামলেই স্বয়ংক্রিয়ভাবে সংস্থার মালিকানা বা নিয়ন্ত্রণে পরিবর্তন ঘটে না।
সুইগির দাবি, বিদেশি বিনিয়োগ কমলেও সংস্থার শেয়ার মূলধন, পরিচালনা পর্ষদ, ব্যবসায়িক কার্যক্রম, ভোটাধিকার বা ইকুইটি শেয়ার-সংক্রান্ত অধিকারগুলিতে কোনও প্রভাব পড়বে না। এ বিষয়ে ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে তা আইন অনুযায়ী প্রকাশ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য