
গুয়াহাটি, ৭ জুলাই (হি.স.) : অসমে জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং সংরক্ষিত বনাঞ্চল মিলিয়ে এখনও ৩ লক্ষ ১৪ হাজার ১৩৯.৪৩৫ হেক্টর বনভূমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। আজ মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানিয়েছেনন রাজ্যের বনমন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।
অসম গণ পরিষদ (অগপ)-এর বিধায়ক দীপ্তিময়ী চৌধুরীর প্রশ্নের উত্তরে বনমন্ত্রী জানান, রাজ্যের আটটি জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ২৮১টি সংরক্ষিত বনাঞ্চলের মোট ৩,১৪,১৩৯.৪৩৫ হেক্টর জমি বর্তমানে দখলদারদের কবলে রয়েছে।
বিধানসভায় পেশকৃত তথ্য অনুযায়ী, আটটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের ১৭,৪২১.৫ হেক্টর এবং ২৮১টি সংরক্ষিত বনাঞ্চলের ২,৯৬,৭১৭.৯৩৫ হেক্টর জমি এখনও অবৈধভাবে দখল হয়ে আছে। তবে গত পাঁচ বছরে রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানের উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরেন বনমন্ত্রী। তিনি জানান, ২০২১-২২ থেকে ২০২৫-২৬ সময়কালে জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চল থেকে ১৬,৯৩৭.২৪৬৬ হেক্টর (প্রায় ১,২৬,৬০৫.৯২ বিঘা) দখলকৃত জমি পুনরুদ্ধার করা হয়েছে।
বর্ষভিত্তিক তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবর্ষে সংরক্ষিত বনাঞ্চল থেকে ৪,৬৮৮.৩৪ হেক্টর দখলমুক্ত করা হয়েছে। এছাড়া গত পাঁচ বছরে আটটি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য থেকে মোট ৫,৯১৮.১৪ হেক্টর জমিও পুনরুদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, দখলমুক্ত একাধিক বনাঞ্চলে পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের উদ্যোগে চালু হওয়া ‘জন্মদিন সবুজ শপথ উদ্যান’ কর্মসূচির কথাও উল্লেখ করেন বনমন্ত্রী। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জন্মদিনে একটি করে গাছের চারা রোপণে উৎসাহিত করা হচ্ছে, যাতে পরিবেশ সংরক্ষণ এবং বনসৃজন কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস