
দোহা, ৭ জুলাই (হি.স.) : হরমুজ প্রণালীর কাছে কাতারের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতার ইরানকে এর জন্য আইনগতভাবে সম্পূর্ণ দায়ী করেছে।
কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজিদ আল-আনসারি সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে বলেন, এই হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তাঁর অভিযোগ, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত করে এবং আন্তর্জাতিক নৌপথকে ঝুঁকির মুখে ফেলে এমন সব কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে কাতার।
অন্যদিকে, ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, হরমুজ প্রণালীতে কাতারের তেলবাহী ট্যাঙ্কার আল-রাকায়াত-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের বক্তব্য, বাণিজ্যিক জাহাজগুলি নির্ধারিত নৌপথ মেনে চলছে না। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি ইরানের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলার পর হরমুজ প্রণালীর পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।
এদিকে, ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী এলাকায় আরও একটি জাহাজ হামলার মুখে পড়েছে। সংস্থার দাবি, প্রথমে একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রজেক্টাইল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টা পর দ্বিতীয় একটি জাহাজকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। দ্বিতীয় জাহাজটির কাঠামোগত ক্ষতি হলেও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য