
লকাতা, ৭ জুলাই (হি. স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও একগুচ্ছ নজির গড়ল কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (এসএমপিকে)। দেশের রপ্তানি-আমদানি (এক্সিম) বাণিজ্যে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি পরিচালন দক্ষতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের প্রাচীনতম সচল এই প্রধান বন্দর।
উল্লেখ্য, গত ৬ জুলাই কলকাতা ডক সিস্টেমে (কেডিএস) একদিনে সর্বাধিক ৩,১৮৬ টিইইউ (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছে এই বন্দর। এর আগে গত ১২ জুন একদিনে ৩,০৮১ টিইইউ কনটেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই নজির ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করল এসএমপিকে।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেও (এপ্রিল-জুন) উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। এই সময়ে বন্দরে মোট ২,৫৩,৯৪৫ টিইইউ কনটেনার হ্যান্ডলিং হয়েছে, যা গত অর্থবর্ষের একই সময়ের (২,৩৪,২৭২ টিইইউ) তুলনায় ৮.৪০ শতাংশ বেশি।
এসএমপিকে-র চেয়ারম্যান রথেন্দ্র রমন এই প্রেক্ষাপটে বলেন, এই সাফল্য বন্দরের পরিচালন উৎকর্ষ, পরিকাঠামোর উন্নয়ন ও গ্রাহক-কেন্দ্রিক পরিষেবার প্রতি কর্তৃপক্ষের অঙ্গীকারেরই প্রতিফলন। আধুনিকীকরণ এবং কার্গো পরিচালনা ব্যবস্থার ধারাবাহিক উন্নয়নের ফলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের ব্যাপারে তিনি আশাবাদী। এই রেকর্ড গড়ার জন্য বাণিজ্যিক অংশীদার, বন্দরকর্মী, আধিকারিক এবং শ্রমিক সংগঠনগুলিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে চেয়ারম্যান আরও জানান যে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী ভাবনার প্রতিই এই সাফল্য উৎসর্গ করা হলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত