
নতুন দিল্লি, ৮ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক বার্তায় তিনি দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, হিমাচল প্রদেশের চাম্বায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। যেসব পরিবার তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।
উল্লেখ্য, চাম্বা জেলায় এদিন সকাল ৭:১৫ নাগাদ একটি বেসরকারি বাস দুর্ঘটনায় পড়ে। এদিনের এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরও ১১ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি চুরাহ বিধানসভা এলাকার অধীনে তিসা থানা এলাকার বৈরাগড়-এর কাছে চালূঞ্জ মোড়ে ঘটে। আহতদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য পণ্ডিত জওহরলাল নেহেরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, চাম্বায় স্থানান্তরিত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি