
জম্মু, ৮ আগস্ট (হি.স.): বৃষ্টির পর যাত্রাপথের মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ এবং আগামী কয়েক দিনে খারাপ আবহাওয়ার আশঙ্কার কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহেলগাঁও ও বালতাল—দুই পথেই আপাতত বন্ধ থাকবে তীর্থযাত্রা। এখনও পর্যন্ত ৪.৮ লক্ষের বেশি পুণ্যার্থী অমরনাথের পবিত্র গুহামন্দিরে দর্শন করেছেন।
কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানিয়েছেন, সাম্প্রতিক বৃষ্টির জেরে যাত্রাপথের বেশ কিছু সংবেদনশীল অংশে মেরামতি ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর উদ্যোগে বর্তমানে পুনরুদ্ধারের কাজ চলছে। পাশাপাশি, ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আগামী কয়েক দিনের জন্য খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সব দিক বিবেচনা করেই ৯ আগস্ট থেকে দুই পথেই তীর্থযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের বার্ষিক অমরনাথ যাত্রা গত ৩ জুলাই একসঙ্গে শুরু হয়েছিল। অনন্তনাগ জেলার চন্দনওয়াড়ি এবং গান্দেরবল জেলার বালটাল—এই দুই পথ দিয়ে শুরু হয় তীর্থযাত্রা। আগামী ২৮ আগস্ট ঐতিহ্যবাহী ছড়ি মুবারক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের যাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য