
কল্যাণী, ৮ আগস্ট (হি. স.): অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে শনিবার কল্যাণী মেন স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। তাঁর সঙ্গে ছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা-সহ পূর্ব রেলের একাধিক আধিকারিক।
এদিন স্টেশনে পৌঁছে জেনারেল ম্যানেজার বিভিন্ন প্ল্যাটফর্ম, যাত্রী পরিষেবা এবং স্টেশন চত্বর ঘুরে দেখেন। যাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের কাজ কতটা এগিয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখেন রেল আধিকারিকরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গীতিকা পান্ডে জানান, রাজ্য সরকারের সহযোগিতায় কল্যাণীতে রেলের সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। একই সঙ্গে কল্যাণীর ৪২ নম্বর রেলগেটের উপর ফ্লাইওভার নির্মাণের কাজেও অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।
রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কল্যাণী স্টেশনে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে। পাশাপাশি ৪২ নম্বর রেলগেটে যানজট ও যাতায়াতের সমস্যা কমাতেও ফ্লাইওভারটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়