
কলকাতা, ৮ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো ও ই-রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পরিবহণ দফতর। এই নির্দেশিকাটি সমগ্র রাজ্য জুড়ে কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে রাজ্য পুলিশের ডিজি-কে ইতিমধ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট নিয়ম অমান্য করে জাতীয় বা রাজ্য সড়কে টোটো কিংবা ই-রিকশা চলাচল করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবহণ দফতরের প্রকাশিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, প্রয়োজনে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে মোটর ভেহিক্যালস আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু অর্থদণ্ড বা জরিমানা নয়, পরিস্থিতি অনুযায়ী অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
নতুন এই নির্দেশিকায় টোটো এবং ই-রিকশা চলাচলের নির্দিষ্ট ভৌগোলিক সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কেবল স্থানীয় বা পাড়ার ভেতরের রাস্তাতেই এই ধরনের যান চলাচল করতে পারবে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিংবা গুরুত্বপূর্ণ সংযোগকারী প্রধান সড়কগুলিতে তাদের চলাচলের কোনওরকম অনুমতি থাকবে না।
প্রশাসনের বক্তব্য, সড়ক নিরাপত্তা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটো ও ই-রিকশার অনিয়ন্ত্রিত চলাচলের ফলে দুর্ঘটনা ও যানজট বাড়ার অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। সেই সার্বিক পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্য জুড়ে নির্দেশিকা কার্যকর করতে পুলিশ প্রশাসনকে আরও বেশি সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত