মালদার ভুতনিতে চলতি বছরের বন্যায় প্রথম প্রাণহানি, পাটের জাঁক সরাতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু কৃষকের
মালদা, ৯ সেপ্টেম্বর (হি.স.): চলতি ২০২৬ সালের ভয়াবহ বন্যায় মালদা জেলার ভুতনি থানা এলাকায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। বানের তোড়ে পাটের জাঁক সরাতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক তরতাজা কৃষকের। মৃতের নাম দ্বিজেন মণ্ডল (৩২)। অনভিপ্রেত ঘটনাটি ঘটে
মালদার ভুতনিতে চলতি বছরের বন্যায় প্রথম প্রাণহানি, পাটের জাঁক সরাতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু কৃষকের


মালদা, ৯ সেপ্টেম্বর (হি.স.): চলতি ২০২৬ সালের ভয়াবহ বন্যায় মালদা জেলার ভুতনি থানা এলাকায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। বানের তোড়ে পাটের জাঁক সরাতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল এক তরতাজা কৃষকের। মৃতের নাম দ্বিজেন মণ্ডল (৩২)। অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে মালদার ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাল্লীটোলা গ্রামে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে প্লাবিত জমিতে রাখা কয়েকটি পাটের জাঁক নিরাপদে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দ্বিজেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি আচমকা বন্যার গভীর জলে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন এবং জল থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ভুতনি থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দরিদ্র এই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য ছিলেন মৃত দ্বিজেন। তাঁর পরিবারে রয়েছে স্ত্রী ও তিন নাবালিকা কন্যা। পরিবারের মূল উপার্জনকারীর এই আকস্মিক মৃত্যুতে চরম অনিশ্চয়তা ও শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। বিপন্ন পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি ক্ষতিপূরণ ও আর্থিক অনুদানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় ব্লক প্রশাসন। মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল শোক প্রকাশ করে জানান, “দক্ষিণ চণ্ডীপুরে একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন ইতিমেধ্যেই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই চরম বিপদের দিনে রাজ্য সরকার এবং আমাদের দল সম্পূর্ণভাবে অসহায় পরিবারটির পাশে রয়েছে।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande