দুর্গাপুজোর আগেই জুটশ্রমিকদের বোনাস মেটানোর নির্দেশ রাজ্য সরকারের, নিউ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): আগামী দুর্গাপুজোর আবহেই রাজ্যের জুট মিল শ্রমিকদের জন্য মিলল বড়সড় স্বস্তির খবর। উৎসবের মরশুম শুরুর আগেই সমস্ত জুটশ্রমিকের বকেয়া বোনাস মেটানোর জন্য স্পষ্ট নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডি
শ্রম মন্ত্রী অর্জুন সিং এর পৌরহিত্যে বৈঠক সম্পন্ন


কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): আগামী দুর্গাপুজোর আবহেই রাজ্যের জুট মিল শ্রমিকদের জন্য মিলল বড়সড় স্বস্তির খবর। উৎসবের মরশুম শুরুর আগেই সমস্ত জুটশ্রমিকের বকেয়া বোনাস মেটানোর জন্য স্পষ্ট নির্দেশ দিল রাজ্য সরকার। বুধবার কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিংহের সভাপতিত্বে জুট শিল্পের সামগ্রিক পরিস্থিতি ও শ্রমিকদের স্বার্থসুরক্ষা নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই রাজ্যের সমস্ত জুট মিলে শ্রমিকদের বোনাস প্রদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্য শ্রম দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জুট কমিশনারের দপ্তর (JCO), ইন্ডিয়ান জুট কর্পোরেশন (JCI), ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (IJMA), বিভিন্ন জুট মিল কর্তৃপক্ষ এবং ২৩টি স্বীকৃত কেন্দ্রীয় ও রাজ্যস্তরের ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে শ্রমমন্ত্রী অর্জুন সিংহ শিল্পক্ষেত্রে শান্তি বজায় রেখে মিলগুলি সচল রাখতে ট্রেড ইউনিয়নগুলির প্রতি সহযোগিতার বিশেষ আবেদন জানান। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে, পুজোর ছুটির পরপরই শ্রমিকদের বকেয়া মজুরি, ভবিষ্যৎ বছরের বোনাস কাঠামো এবং নতুন শিল্পচুক্তিসহ দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলি নিয়ে সবিস্তারে ত্রিপাক্ষিক আলোচনা করা হবে। জুট শিল্পের উন্নয়ন ও সমস্যা সমাধানে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, JCO, JCI ও ন্যাশনাল জুট বোর্ডের মতো কেন্দ্রীয় সংস্থাসমূহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় রাজ্যের শ্রম দপ্তরের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কেন্দ্র সম্মত হয়েছে।

পাশাপাশি, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের কাছে রাজ্যের জুট শিল্পের বর্তমান সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরতে তিনি নিজেই এক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানান। চটচাষী, শ্রমিক, মিলমালিক ও ব্যবসায়ীদের প্রতিনিধিত্বে দ্রুত একটি কার্যকরী গোষ্ঠী গঠনের কথাও ঘোষণা করা হয়। প্রতিটি জুট মিলকে পূর্ণ ক্ষমতায় চালু করাই রাজ্য সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি। সরকারের এই সময়োপযোগী নির্দেশকে স্বাগত জানিয়েছে উপস্থিত সমস্ত ট্রেড ইউনিয়ন ও শিল্পমহল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande