সম্মতিসূচক যৌনকর্ম ও মানবপাচারকে পৃথক করার দাবি, কলকাতায় আত্মপ্রকাশ করল ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’
কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): অধিকার, সামাজিক মর্যাদা, নিরাপত্তা এবং নিজেদের জীবন সম্পর্কিত সিদ্ধান্তে সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে আরও জোরদার করতে বুধবার প্রেস ক্লাব কলকাতায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’। দেশের ছয়টি পৃথক রাজ
সম্মতিসূচক যৌনকর্ম ও মানবপাচারকে পৃথক করার দাবি, কলকাতায় আত্মপ্রকাশ করল ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’


কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.): অধিকার, সামাজিক মর্যাদা, নিরাপত্তা এবং নিজেদের জীবন সম্পর্কিত সিদ্ধান্তে সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে আরও জোরদার করতে বুধবার প্রেস ক্লাব কলকাতায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’। দেশের ছয়টি পৃথক রাজ্যের যৌনকর্মী ও মানবাধিকার প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন মঞ্চের উদ্দেশ্য ও ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেন উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া বক্তাদের মূল বক্তব্য ছিল— মানবপাচার, জোরপূর্বক শারীরিক শোষণ এবং প্রাপ্তবয়স্কদের সম্মতিসূচক যৌনকর্মকে একই ছকে ফেলে দেখা বন্ধ করতে হবে। এই তিনটির পার্থক্য প্রশাসনিক ও সামাজিকভাবে অনুধাবন করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত তেলঙ্গানার বিশিষ্ট ট্রান্সজেন্ডার অধিকারকর্মী রচনা মুদ্রাবয়ীনা জোর দিয়ে বলেন, লিঙ্গ, শ্রেণি বা পেশা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক মৌলিক অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। জোরপূর্বক ‘পুনর্বাসন’-এর ব্যর্থ নীতি চাপিয়ে দেওয়ার বদলে তিনি যৌনকর্মীদের মানবাধিকার, মর্যাদা এবং তাঁদের পেশাকে শ্রমের স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। সামাজিক কূটাভাসকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, “দেশের কোনও শ্রমজীবী মানুষ কি চান তাঁর সন্তানও বাধ্যতামূলকভাবে তাঁর পেশাতেই আসুক? তা হলে এই বিভ্রান্তিকর প্রশ্নটি কেবল যৌনকর্মীদের ক্ষেত্রেই কেন তোলা হয়?”

অন্যতম প্রতিনিধি বিশাখা লস্কর দেশের সর্বোচ্চ আদালতের অবস্থান স্মরণ করিয়ে দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে মানবপাচারের শিকার ব্যক্তি এবং স্বইচ্ছায় যুক্ত যৌনকর্মীদের মধ্যে যে আইনি তফাত স্পষ্ট করা হয়েছে, তা বাস্তব জীবনে প্রশাসনিক সম্মান ও সামাজিক অধিকারের মাধ্যমে প্রতিফলিত হওয়া প্রয়োজন। নারীবাদী সমাজকর্মী মোনা মিশ্র উল্লেখ করেন, সর্বোচ্চ আদালতের এই যুগান্তকারী বারাত সমাজ ও প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।

নিজেদের অধিকারের কথা নিজেদের কণ্ঠেই উচ্চকিত করা এবং প্রাপ্য মর্যাদা ও মৌলিক সুরক্ষা আদায়ের অঙ্গীকার নিয়ে এদিন সূচনা ঘটল ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’-এর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande