

গুয়াহাটি, ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : অসমের জন্য ৭২৮টি সড়ক এবং ৬২টি সেতু অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য ব্যয় ধার্য হয়েছে ১,৮০০ কোটি টাকা, জানান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
আজ সোমবার দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, মুখ্যমন্ত্রী উৎকর্ষ যোজনা, কৃষি সারথি অ্যাপ, সমবেশি আজিভিকা যোজনা, রুরাল ওয়ান অ্যাপ সংক্রান্ত এক অনু্ষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। আজকের অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনা (গ্রামীণ)-র বলে নবনির্মিত এক লক্ষ সুবিধাভোগীদের গৃহে প্রবেশ করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
অনুষ্ঠানে তিনি অসমে বৃহৎ পরিকাঠামো ও কৃষি উন্নয়ন কর্মসূচির ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ১,৮০০ কোটির বেশি টাকার ৭২৮টি সড়ক এবং ৬২টি সেতু নির্মাণের অনুমোদনের কথা জানান। পাশাপাশি মূল্য সহায়তা প্রকল্প (প্ৰাইস সাপোৰ্ট স্কিম)-এর অধীনে কৃষকদের জন্য অতিরিক্ত সহায়তাও মঞ্জুর করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্য সরকার সমন্বিতভাবে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় ভারত সরকার অসমের অগ্রগতি, উন্নয়ন ও জনকল্যাণে ‘সব পদক্ষেপ সম্ভব’ শীর্ষক এক সংকল্প গ্রহণ করছে এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে একটি ‘নিরাপদ, উন্নত ও আত্মনির্ভর ভারত’ গড়ে তোলা হচ্ছে।
ঘোষণার মূল অংশ ছিল রাজ্যজুড়ে ১,৮০০ কোটিরও বেশি ব্যয়ে ৭২৮টি সড়ক নির্মাণের অনুমোদন। এর পাশাপাশি ৬২টি সেতুও অনুমোদন করা হয়েছে, যা গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে সংযোগ ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
এই পরিকাঠামো প্যাকেজকে শেষ মাইল সংযোগ উন্নত করা, বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করা, পরিবহণ সমস্যার সমাধান এবং বিভিন্ন জেলায় প্রয়োজনীয় পরিষেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কৃষক সমাজের জন্য বড় স্বস্তির খবর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, অসম সরকারের অনুরোধে কেন্দ্র মূল্য সহায়তা প্রকল্প-এর অধীনে কৃষিপণ্য ক্রয়ের অনুমোদন দিয়েছে। তিনি ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি)-এর অতিরিক্ত প্রতি কুইন্টালে ৫০০ টাকা দেওয়ার জন্য অসম সরকারকে অভিনন্দন জানিয়ে একে কৃষক-বান্ধব সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘রাজ্য সরকার কেন্দ্রের কাছে (প্ৰাইস সাপোৰ্ট স্কিম-এর অধীনে উৎপাদিত পণ্য ক্রয়ের অনুরোধ করেছিল। সেটিও অনুমোদিত হয়েছে।’ এর মাধ্যমে কৃষকদের আয় সুরক্ষায় কেন্দ্র-রাজ্য সমন্বয় আরও জোরদার হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এছাড়া কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ জোরদার করতে পাওয়ার টিলারের চাহিদা উত্থাপিত হয়েছিল বলে তিনি জানান। সেই চাহিদা পূরণে অতিরিক্ত তহবিলও মঞ্জুর করা হয়েছে, যা উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে শ্রমনির্ভরতা কমাতে সহায়ক হবে।
শিবরাজ সিং চৌহান জোর দিয়ে বলেন, পরিকাঠামো সম্প্রসারণ, কৃষক কল্যাণ ও গ্রামীণ ক্ষমতায়নের মাধ্যমে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার বৃহত্তর লক্ষ্যেই অসমে এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
তিনি মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বের প্রশংসা করে বলেন, দিশপুর ও নয়াদিল্লির সমন্বিত উদ্যোগের ফলেই রাজ্যে বাস্তব প্রকল্প রূপায়িত হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যদের মধ্যে ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বরা, মন্ত্ৰী রঞ্জিতকুমার দাস, মন্ত্ৰী কৃষ্ণেন্দু পাল, কয়েকজন বিধায়ক এবং লক্ষাধিক সুবিধাভোগী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস