
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সোমবার রাষ্ট্রপতি ভবনে ‘রাজাজি উৎসব’-এ যোগ দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন চক্রবর্তী রাজাগোপালাচারীর এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ডঃ এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বলেন, দেশকে পুরোপুরি ঔপনিবেশিক প্রভাব মুক্ত করার লক্ষ্যে রাজাজির মূর্তির এই আবরণ উন্মোচন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, শুধুমাত্র এই একটি অনুষ্ঠান নয়, ঔপনিবেশিক প্রভাব থেকে দেশকে পুরোপুরি মুক্ত করার লক্ষ্যে প্রশাসন, আইন, শিক্ষা, সংস্কৃতি – সর্বক্ষেত্রেই সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হচ্ছে। রাজভবনকে লোকভবনে, পিএমও–কে সেবাতীর্থে রূপান্তর করা সহ একগুচ্ছ পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।
উপরাষ্ট্রপতি বলেন, এইসব পরিবর্তন শুধুমাত্র প্রতীকি নয়, এগুলি হ’ল – সরকারের সেবা ভাবনার মানসিকতার প্রতিফলন। এই ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বেশ কয়েকটি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। রাজাজি উৎসবকে দেশের এক মহান সন্তানের প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য হিসেবে উল্লেখ করেন তিনি। উপরাষ্ট্রপতি বলেন, রাজাজির জীবন প্রজন্মব্যাপী প্রেরণা জুগিয়ে যাবে এবং তাঁদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যপরায়ণতার মানসিকতা গড়ে তুলবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ