
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় বাংলাদেশের পটুয়াখালি জেলায় হিন্দু ব্যবসায়ী নির্মল দাস (৫০)–কে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদারের বিরুদ্ধে। পটুয়াখালি–১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য তথা বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আলতাফ হোসেন চৌধুরীর অনুসারি অভিযুক্ত সুজন।
বুধবার জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজারে এই ঘটনা ঘটে। আহত নির্মল দাসকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করান। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশাল বিভাগীয় শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নির্মল বাবুর অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সুজন সিকদার তাঁর কাছে চাঁদার জন্য অর্থ দাবি করে আসছিলেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি বাড়ি থেকে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে সুজন সিকদার ও তাঁর সহযোগীরা নির্মল বাবুর পথ আটকে পাঁচ লক্ষ টাকা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় সুজন সিকদার-সহ তিনজনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করেছেন নির্মল দাস। তবে এখনও তা মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ, মামলা দায়েরের পরিবর্তে সুজন বাবুকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। স্থানীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া চৌধুরীর প্রভাবের কারণে পুলিশ মামলা গ্রহণ করছে না।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মো. আবদুস ছালাম বুধবার বলেন, সুবিদখালি বাজারের এক হিন্দু ব্যবসায়ীকে মারধর ও চাঁদার জন্য অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও এই নিয়ে মামলা রুজু না করার পিছনে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা এই প্রশ্ন করা হলে এড়িয়ে যান তিনি।
স্থানীয়দের দাবি, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালি–১ আসন থেকে বিএনপি-র ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁর অনুসারীরা এলাকায় প্রভাব বিস্তার করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার জন্য অর্থ দাবির অভিযোগও রয়েছে। চাঁদা না দিলে নির্যাতন, এমনকি দেশ ছাড়া করার হুমকিও দিচ্ছেন তাঁরা।
এ বিষয়ে অভিযুক্ত সুজন সিকদারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ